হাওড়া স্টেশন থেকে চোরাই ফোন উদ্ধার - The News Lion

হাওড়া স্টেশন থেকে চোরাই ফোন উদ্ধার




দি নিউজ লায়ন ;   হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন নামী কোম্পানির চোরাই মোবাইল ফোন। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রিয়াসাত শেখ(৪০)। তিনি মালদহের ভগবানপুরের বাসিন্দা। হাওড়া স্টেশনে অপরাধের ঘটনা মোকাবিলায়    বৃহস্পতিবার নিউ কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল আরপিএফ এসটিএফের একটি দল।


 রাত প্রায় পৌনে ৮টা নাগাদ সেখানে রিয়াসাতকে ভারী একটি ব্যাগ নিয়ে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের নতুন গাড়ি পার্কিং এলাকার দিকে যেতে দেখা যায়। সে সময় আরপিএফ এসটিএফের টিম দেখতে পেয়ে রিয়াসাত সেখান থেকে পালাতে যান। তখন আরপিএফ তাকে ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর অবশেষে ব্যাগ সহ ধরা পড়েন রিয়াসাত। 


ধৃতের ব্যাগ থেকে পুলিশ বিভিন্ন কোম্পানির ২৯টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। জেরায় তিনি স্বীকার করেন, উদ্ধার হওয়া মোবাইলগুলি চোরাই ফোন। মালদার বাসিন্দা মুর্তাজার নির্দেশে নাগপুরের বাসিন্দা সাদ্দাম হোসেনের কাছ থেকে নিয়ে আসছিলেন মোবাইলগুলি। উদ্ধার হওয়া সকল মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুনরায় তদন্তের জন্য এই মোবাইলগুলি পাঠানো হয়েছে স্থানীয় গোলাবাড়ি থানায়। গোলাবাড়ি থানা ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারাতে মামলা রুজু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.